জাতীয় নির্বাচনে নগরীতে বিজয়ের মাঠ তৈরিতে নেতৃবৃন্দকে কঠোর পরিশ্রম করতে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় নির্বাচনে নগরীতে বিজয়ের মাঠ তৈরিতে নেতৃবৃন্দকে কঠোর পরিশ্রম করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কোনো ধরনের আত্মতুষ্টি বা অলসতার সুযোগ নেই। এজন্য নগরীর প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও ভোট কেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের কাছে পৌঁছাতে হবে।
শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীলদের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি দেওয়ানবাজারস্থ মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ এবং নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী, আমির হোসাইন, ফারুকে আজম, আব্দুল গফুর, মুহাম্মদ ইসমাইল, আবুল মোকাররম, মুহাম্মদ নুরুল আলম, জাকির হোসেন, মাহবুবুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ের মাঠ তৈরি করতে হলে তরুণ ভোটারদের আকৃষ্ট করা, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা এবং নির্বাচনী প্রচারণায় কৌশল প্রয়োগ করা জরুরি। ভোট ও পরিবর্তনের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হলে নেতৃবৃন্দকে মাঠে নামতে হবে এবং জনতার আস্থার জায়গায় পৌঁছাতে হবে।
তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জন ছাড়া নির্বাচনী মাঠে টিকে থাকা সম্ভব নয়। এজন্য নেতাকর্মীদের ত্যাগ, পরিশ্রম ও সততার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে।



